বুকে পাথর চাপা দিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তর স্বার্থ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বিবেচনা করে গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে সেই নির্বাচনের ফল ম্যানিপুলেট বা বিকৃত করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর এক সাংগঠনিক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই তারা জানতে পেরেছেন যে নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছিল। তবুও দেশের বর্তমান প্রেক্ষাপট ও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই জামায়াত সেই ফল মেনে নিয়ে বুকে পাথর চাপা দিয়েছে।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে কিছুটা সরে গেছে। জামায়াতে ইসলামী শুরু থেকেই সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে আসলেও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতের এই সহযোগিতাকে সরকার ভুলভাবে দুর্বলতা হিসেবে গ্রহণ করছে, যা অনভিপ্রেত।

ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্য এবং দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উক্ত সাংগঠনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএইচ