আ.লীগের পদধারী সুবর্ণা ঠাকুর এখন বিএনপির নারী এমপি 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে তৃণমূলের বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও নীরব রয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা ঠাকুর। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় সূত্র ও সংশ্লিষ্ট মহলে তাঁর অবস্থান নিয়ে আলোচনা চলছে।

সুবর্ণা ঠাকুরকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। তাঁর আশীর্বাদেই সুবর্ণা শিকদার ঠাকুর এখন বিএনপির নারী সংসদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে তৃণমূলের বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সুবর্ণা ঠাকুরের বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলার ঘটনা ঘটেনি। এ ছাড়া বিএনপির অন্য তিন নির্বাচিত সংসদ সদস্যের বাড়িঘর এবং হাসপাতালে হামলার ঘটনাতেও তিনি কোনো প্রতিবাদ জানাননি। এমনকি এ বিষয়ে কোনো মন্তব্যও করেননি তিনি।

সুবর্ণা শিকদার ঠাকুরের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। তিনি হিন্দু মতুয়া সম্প্রদায়ের একটি প্রভাবশালী পরিবারের সদস্য। তাঁর পরিবারের অনেক সদস্য ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভালো অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

এসএইচ