শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষাপটে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বিএনপি। দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর দুই অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগে দল ও অঙ্গসংগঠনের মোট আটজন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (গতকাল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর উত্তর এলাকায় বেশ কিছু অনাকাক্সিক্ষত ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কিছু নেতার জড়িত থাকার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটেই বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাৎক্ষণিকভাবে কমিটি বিলুপ্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র। তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে অঙ্গসংগঠনগুলোর মধ্যেও সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
একই কারণে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শীঘ্রই এই ইউনিটেও নতুন কমিটি গঠন করা হবে।
কমিটি বিলুপ্তির পাশাপাশি ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচজন নেতাকে সাংগঠনিক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন—মহানগর পশ্চিম শাখার সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল দিপু, সদস্য সচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসএইচ