মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ১১:০৬ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক। সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে। রাজধানীতে যেখানে আইনশৃঙ্খলা অবনতি সেখানে সারা দেশের অবস্থা উদ্বেগজনক।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

[276460]

মেজর আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, মেজর আখতার যেভাবে কথা বলেছেন সেটা হয়তো অনেকের পছন্দ হয়নি। কিন্তু, এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করার জন্য মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে। তাকে অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে।

জামায়াতে আমির বলেন, ডেঙ্গুতে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। বর্তমান সরকার আগের সরকারকে দায়ী করেছে কিন্তু এখনও মৃত্যু হলেও তারা ব্যর্থতা স্বীকার করেনি।

তিনি বলেন, ডেঙ্গুর জন্য প্রতিষেধক টিকা বিশ্বে এখন আছে। সরকার যদি না পারে তাহলে বেসরকারিভাবে আনা উন্মুক্ত করে দেওয়া হোক। ডেঙ্গু প্রতিরোধে শুধু লিফলেট বিতরণ নয় বিরোধী দল কার্যকর কার্যক্রমও চালাবে।

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের কাজ পাহারা দেওয়া, ঘুমানো নয়, জনগণ ঘুমাবে। পাহারা দিতে না পারলে সেই সরকার দরকার নেই।

তিনি বলেন, সরকারের প্রতি আহ্বান মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিন। দায়িত্ব পালন করলে সাধুবাদ জানানো হবে।

এসআই