স্থানীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আসন্ন স্থানীয় নির্বাচনে যার জয়ের সম্ভাবনা বেশি, তাকেই মনোনয়ন দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষিত হলে দলীয় কার্যক্রমও সেই তফসিল অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশী-বিদেশী বিভিন্ন ইন্ধন রয়েছে। দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে। পাশাপাশি নতুন সরকারকে অস্থিতিশীল করতে দেশের ভেতরের কিছু রাজনৈতিক শক্তিও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এসএইচ