আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:০৮ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

সোমবার (১৬ নভেম্বর) দিবগত রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

নয়নের ভাষ্য অনুযায়ী, রাজধানীর কলাবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় বা মির্জা আজমের দলীয় পদ-পদবির বিষয়ে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া এ প্রতিবেদন লেখার সময় আটক ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয়ও জানা যায়নি।

ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে যুবদল নেতা নয়ন অভিযোগ করেন, পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে এলে পুলিশের ‘একজন ডিআইজি’ ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। এ সময় তিনি সেই ডিআইজিকে সামনে আনার দাবিও জানান।

ভিডিওতে নেতাকর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দিয়ে নয়ন বলেন, তাদের মূল কাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।
এছাড়া, ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এম