ওমানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে আপন ৪ ভাই নিহত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:১০ এএম

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার আপন ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই একই পরিবারের সন্তান এবং চার ভাইই ওমানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে তারা কর্মস্থলের উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হন। পথে চলন্ত অবস্থায় গাড়িটিতে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটি মুহূর্তেই বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ফেরার আগের শেষ মুহূর্তে কেনাকাটা শেষে কর্মস্থলে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে আসে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

এম