ভারতীয় পাসপোর্ট নীতিতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০১:০৩ পিএম
ফাইল ছবি

ভারতের নাগরিকত্ব পেতে এখন থেকে পাসপোর্ট নীতিতে নতুন নিয়ম অনুসরণ করতে হবে বাংলাদেশিদের। দেশটির নাগরিকত্ব পেতে আবেদনের ক্ষেত্রে নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ জন্য ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে ভারত সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন বিধান অনুযায়ী, ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জানাতে হবে তাদের কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কি না।

যদি কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে, তাহলে সেই পাসপোর্টের নম্বর, কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ কত দিন রয়েছে—এসব তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।

ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পরে নতুন এই অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।  তফসিলটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

এর আগে ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করে। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।
 
এর ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধনী এনে পাসপোর্ট সংক্রান্ত শর্ত আরও স্পষ্ট করল ভারতের কেন্দ্রীয় সরকার।সূত্র: আনন্দবাজার 

এসএইচ