উচ্চশিক্ষা, স্কলারশিপ ও কাজের ভিসায় এলো যেসব পরিবর্তন

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৬:০১ পিএম
ফাইল ছবি

বিদেশে উচ্চশিক্ষার জন্য সঠিক দেশ নির্বাচন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভেবেচিন্তে নেওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একসময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রচলিত দেশগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকলেও বর্তমানে পরিবর্তিত ভিসা নীতি, জীবনযাত্রার বাড়তি খরচ এবং ডিগ্রি শেষে থাকার ক্ষেত্রে জটিলতার কারণে অনেক শিক্ষার্থীই বিকল্প গন্তব্য খুঁজছেন। এ ক্ষেত্রে জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, তুরস্ক ও হাঙ্গেরির মতো দেশগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বেশ সম্ভাবনাময় হয়ে উঠছে।

ইউরোপের দেশ জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ প্রোগ্রামে টিউশন ফি নেই বললেই চলে। তবে দেশটিতে পড়ার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের নিশ্চয়তা দিতে ব্লকড অ্যাকাউন্টে অন্তত ১১ হাজার ৯০৪ ইউরো রাখতে হয়। পড়াশোনা শেষে সর্বোচ্চ ১৮ মাস চাকরি খোঁজার অনুমতি পান শিক্ষার্থীরা। ফিনল্যান্ড ও সুইডেনে বছরে ৯ হাজার থেকে ২০ হাজার ইউরো টিউশন ফি দিতে হলেও প্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানে রয়েছে প্রচুর গবেষণার সুযোগ। এ ছাড়া ইতালিতে সরকারি ডিএসইউ বৃত্তির মাধ্যমে টিউশন ফি মওকুফসহ আবাসন ও খাবার খরচ পাওয়ার সুযোগ রয়েছে।

এশিয়ান দেশগুলোর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের এমইএক্সটি (MEXT) এবং জিকেএস (GKS) সরকারি বৃত্তির মাধ্যমে শতভাগ টিউশন ফি, আবাসন ও বিমানভাড়ার সুবিধা প্রদান করছে। বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য চীনও একটি দুর্দান্ত গন্তব্য, যেখানে ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় মাসিক ভাতার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কম খরচে এবং পরিচিত পরিবেশের কারণে মালয়েশিয়া তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

অন্যদিকে, স্কলারশিপপ্রার্থীদের অন্যতম কাঙ্ক্ষিত সুযোগ দিচ্ছে তুরস্ক ও হাঙ্গেরি। তুরস্কের 'তুর্কিয়ে বুর্সলারি' এবং হাঙ্গেরির 'স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম' বৃত্তির আওতায় বিনামূল্যে পড়াশোনা, আবাসন সুবিধা, স্বাস্থ্যবিমা এবং মাসিক ভাতার নিশ্চয়তা পাওয়া যায়। ফলে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কেবল পরিচিত দেশের পেছনে না ছুটে নিজেদের সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক বিশ্লেষকেরা।

এসএইচ