বিশ্বকাপ খেলা দেখা কেন্দ্র করে রাজধানীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৫:১৪ এএম

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া নিহত হয়েছেন। বুধবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন মো. সাদ্দাম হোসেন (৩৫) নামের আরেক বিএনপি নেতা। পুলিশ বলছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি হয়। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া একপক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকপক্ষ। 

বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে। কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। পরে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বাদশাহকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। পরবর্তীতে তারা নিজেরায় মিটমাট করে নেওয়ার জন্য সালিশে বসেছিল। কিন্ত সমাধান না হওয়ায় দু’জনের ওপর হামলা চালানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া মারা গেছেন। সভাপতি সাদ্দাম হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম