জামালপুর সমিতির স্মরণসভায় ব্যারিস্টার সালাম তালুকদারকে স্মরণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১০:২৮ পিএম

জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম কারিগর ও সাবেক এলজিআরডি মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জামালপুর সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডে অবস্থিত জামালপুর সমিতির স্বাস্থ্যসেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি শুধু জামালপুরের আঞ্চলিক নেতা ছিলেন না; জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ও সুপরিচিত রাজনীতিবিদ। চারদলীয় ঐক্যজোট গঠনসহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বক্তারা আরও বলেন, দল-মত নির্বিশেষে সবার মতামতকে গুরুত্ব দিতেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল দূরদর্শিতা ও মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা। তিনি ছিলেন একজন অনন্য কারিশমাটিক নেতা।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম তাঁর চাচা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার তাঁদের পরিবারের ছায়াদাতা ও অভিভাবক ছিলেন। জাতীয় রাজনীতির পাশাপাশি নিজ এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, ‘রাজনীতি ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার আমানত’—এই বিশ্বাস ধারণ করেই ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার রাজনীতি করেছেন।

স্মরণসভায় বক্তারা তাঁর রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

অন্যান্য বক্তাদের মধ্যে জামালপুর সমিতির মহাসচিব হাবিবুল্লাহ তালুকদার রাসকিন স্মৃতিচারণ করে বলেন, আইন পেশা ও রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন বিশাল হৃদয়ের মানুষ। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোকে তিনি জীবনের বড় তৃপ্তি মনে করতেন। শারীরিকভাবে তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ ও কর্ম অনুসারীদের পথ দেখাবে।

অনুষ্ঠানে জামালপুর সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার সফিউল আলম তালুকদার, যুগ্ম মহাসচিব সম্পাদক মো. হুমায়ুন কবীর স্বপন, উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সহসভাপতি আফজাল খান, সহসভাপতি হাসিনুর রহমান চৌধুরী, হাবিবুল্লাহ তরফদার রাসকিন, আমিনুল ইসলাম ও সুজাত আলীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম