রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ডে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জনগণের সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আরো তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি-২) বিচারক মঞ্জুরুল বাছিদের বাসা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের কাছ থেকে আরো তিনটি তাজা ককটেল পাওয়া যায়। পরে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।

তিনি জানান, ‘উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আটককৃতদের থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

পিএস