রাজধানীতে আরও ৫০ পয়েন্টে বসছে এআই ট্রাফিক সিগন্যাল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীর যানজট নিরসনে ৫০টি পয়েন্টে নতুন করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে।  

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে। এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। 

তবে বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, তারপরও সরকার চেষ্টা করছে, যাতে যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।

পিএস