রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। এর মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন ও শপিং মলের দুজন রয়েছেন। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে মলে আসতে দেখা গেছে। সঙ্গে আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ এক নিরাপত্তাকর্মী দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের কয়েকজন চুরিতে জড়িত বলে তাঁদের সন্দেহ। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বাকি চারজনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মল ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করছে।
বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হলেও মালিকের নজরে আসায় চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।
এসএইচ