বাংলাদেশে পবিত্র আশুরা কবে

  • ধর্মচিন্তা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:১৬ এএম

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ বুধবার (১৭ জুন ২০২৬) থেকে নতুন হিজরি বছরের প্রথম মাস মহররম গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন ২০২৬, শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে কমিটি নিশ্চিত করে যে দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ১৭ জুন থেকে ১৪৪৮ হিজরি সনের গণনা শুরু হবে এবং ১০ মহররম অর্থাৎ পবিত্র আশুরা পালিত হবে ২৬ জুন, শুক্রবার।

আশুরার তাৎপর্য

‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে উদ্ভূত, যার অর্থ ‘দশ’। হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এ দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যবহ। বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার কারণে আশুরার দিন মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

বিশেষ করে মুসা (আ.) ও বনি ইসরাঈলকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার স্মৃতিবিজড়িত দিন হিসেবে আশুরা ইসলামী ঐতিহ্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এ কারণে রাসুলুল্লাহ (সা.) এদিন রোজা রাখার প্রতি উৎসাহ প্রদান করেছেন।

আশুরার রোজা রাখার নিয়ম

পবিত্র আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা পালন করা। হাদিসে আশুরার রোজার সঙ্গে আরো একটি রোজা মিলিয়ে রাখার নির্দেশনা এসেছে, যাতে মুসলমানদের আমল অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে স্বতন্ত্র থাকে।

সে অনুযায়ী— ৯ ও ১০ মহররম রোজা রাখা উত্তম।
অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখা যায়।

অতএব, আশুরার সুন্নত অনুযায়ী রোজা রাখতে চাইলে ২৫ ও ২৬ জুন অথবা ২৬ ও ২৭ জুন—এই দুই দিন রোজা রাখা যেতে পারে।

মহররম মাসের চাঁদ দেখার মাধ্যমে মুসলিম বিশ্বের নতুন হিজরি বছর ১৪৪৮ সনের সূচনা হলো। নতুন বছরের শুরুতে আল্লাহর কাছে তাওবা, আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি এবং ইসলামী জীবনব্যবস্থা অনুসরণের দৃঢ় সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন আলেমরা।

পবিত্র মহররম ইসলামের চারটি সম্মানিত মাসের অন্যতম। তাই এ মাসে ইবাদত-বন্দেগি, নফল রোজা, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আল্লাহর স্মরণে অধিক মনোযোগী হওয়ার প্রতি মুসলমানদের উৎসাহিত করা হয়েছে।

 বাংলাদেশে আগামী ২৬ জুন ২০২৬ (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে এবং এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন।

এম