বৈবাহিক ধর্ষণকে পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় দক্ষিণ এশিয়ার লাখ লাখ নারী ও কিশোরী আইনি সুরক্ষার বাইরে রয়েছেন। এ অঞ্চলের আটটি দেশে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার হার বৈশ্বিক গড়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর নতুন এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
বিশ্বের শতাধিক দেশে স্বামী কর্তৃক স্ত্রীর সম্মতিহীন যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এখনো এটি পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে গণ্য হয় না। অঞ্চলটির দেশগুলোর মধ্যে কেবল মালদ্বীপে বৈবাহিক ধর্ষণের জন্য সাধারণ ধর্ষণের মতোই শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে নেপাল ও ভুটানে এটি অপরাধ হলেও শাস্তি তুলনামূলক কম।
জোটটির সদস্য বৈশ্বিক নারী অধিকার সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর প্রতিনিধি রঞ্জিতা সিলওয়াল জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংক্রান্ত আইনের ভিত্তি এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আমলের বিধান। ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের সংজ্ঞা থেকে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্ককে বাদ রাখা হয়েছে। যুক্তরাজ্য ১৯৯১ সালে নিজেদের আইন সংশোধন করলেও দক্ষিণ এশিয়ার এসব দেশে পুরোনো আইনি ব্যতিক্রম এখনো বহাল রয়েছে।
পাকিস্তান ২০০৬ সালে ধর্ষণ আইনের ব্যতিক্রমী ধারাটি বাতিল করলেও এ আইন কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে দেশটির উচ্চ আদালত এখনো সুস্পষ্ট নির্দেশনা দেয়নি। বরং সম্প্রতি একটি হাইকোর্টের রায়ে সম্মতি ছাড়া যৌন সম্পর্কের ঘটনায় স্বামীদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে।
আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের আইনি সুরক্ষা আরও সংকুচিত হয়েছে। রঞ্জিতা সিলওয়াল জানান, গত জানুয়ারিতে কার্যকর হওয়া নতুন দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখ নেই। নতুন বিধান অনুযায়ী, কেবল হাড় ভাঙা, গভীর ক্ষত বা গুরুতর জখমের প্রমাণ থাকলেই স্বামীর বিরুদ্ধে মামলা করা যাবে। অপরাধ প্রমাণিত হলেও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিলওয়াল বলেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দেওয়ার পেছনে ধারণা কাজ করে যে বিয়ের মধ্যেই যৌন সম্মতি স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত থাকে। এটি পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো এবং নারীকে স্বতন্ত্র ব্যক্তি না ভেবে সম্পত্তির মতো বিবেচনার প্রবণতার প্রতিফলন।
ভারতে এ সংক্রান্ত আইনি ব্যতিক্রম চ্যালেঞ্জ করে করা ১০টি পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৯ ডিসেম্বর এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভারতের সরকার, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও পুরুষ অধিকারকর্মীরা এর বিরোধিতা করছেন। বাংলাদেশেও অধিকার সংগঠনগুলো বিদ্যমান আইনি ব্যতিক্রমের বিরোধিতা করে আসছে। তাঁদের যুক্তি, এ বিধান সংবিধানে নিশ্চিত করা জীবন ও ব্যক্তিস্বাধীনতার মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।
বিরোধীরা সাধারণত পারিবারিক কাঠামো ভেঙে যাওয়া, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়া এবং মিথ্যা মামলার আশঙ্কার কথা তুলে ধরেন। তবে রঞ্জিতা সিলওয়াল মনে করেন, শুধু আইন সংশোধন করলেই ন্যায়বিচার নিশ্চিত হয় না। উদাহরণ হিসেবে তিনি ভুটান ও নেপালের কথা উল্লেখ করেন। ভুটানে বৈবাহিক ধর্ষণের সাজা এক মাস থেকে এক বছরের কারাদণ্ড। আর নেপালে সাধারণ ধর্ষণের সাজা ছয় থেকে ২০ বছর হলেও স্ত্রীকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মাত্র পাঁচ বছর।
এসএইচ