মোবাইল গ্রাহকদের জন্য সুখবর, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১২:০৪ পিএম

দেশের মোবাইল ব্যবহারকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন। বাসা বা অফিসের ভেতরে দুর্বল নেটওয়ার্ক সমস্যার সমাধানে ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে প্রায় সাড়ে ১৮ কোটি মোবাইল গ্রাহক রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ শহরের বাইরে অবস্থান করলেও নেটওয়ার্ক সুবিধা সেখানে তুলনামূলক দুর্বল। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, ইন্টারনেটের কম গতি—এসব সমস্যা প্রায়ই ভোগাচ্ছে ব্যবহারকারীদের।

এই পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহার করে নেটওয়ার্ক শক্তিশালী করার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা। এর অংশ হিসেবে রবি এবং বাংলালিংক পরীক্ষামূলকভাবে তরঙ্গ ব্যবহারের জন্য আবেদন করেছে।

জানা গেছে, বিটিআরসির কাছে বর্তমানে ৮ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দযোগ্য রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ পরীক্ষামূলকভাবে অপারেটরদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, যাতে তারা বাস্তব পরিস্থিতিতে এর কার্যকারিতা যাচাই করতে পারে।

অপারেটরদের দাবি, এই ব্যান্ড ব্যবহারের মাধ্যমে ঘরের ভেতরেও শক্তিশালী সিগন্যাল পাওয়া সম্ভব হবে, যা ডাটা ব্যবহার ও ভয়েস কল—দুই ক্ষেত্রেই উন্নতি আনবে।

পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিশেষ করে সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে এই প্রযুক্তির কার্যকারিতা কেমন হয়, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এম