কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে বৈশ্বিক সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:১৮ পিএম
ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ব্যবসার ডিজিটাল রূপান্তর নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে এটি অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী উদ্যোক্তা, গবেষক, করপোরেট নেতা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের এক মঞ্চে এনে ভবিষ্যতের টেকসই বাণিজ্যের গতিপথ নির্ধারণ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজক সংস্থা ‘এআইফোরবিটি গ্লোবাল’ জানিয়েছে, সম্মেলনে এআইয়ের প্রাতিষ্ঠানিক সংযুক্তি, তথ্য সুরক্ষা, নৈতিক প্রয়োগ ও অটোমেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে। উদ্বোধনী ও বিভিন্ন সেশনে অংশ নেবেন দেশ-বিদেশের প্রযুক্তি ও কৌশলবিদরা।

বক্তা ও প্যানেলিস্ট হিসেবে যুক্ত থাকবেন লিডারশিপ স্ট্র্যাটেজিস্ট ফ্র্যাঙ্ক লিবার, গভর্ন্যান্স অ্যাডভাইজর সারা করনেট, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ড. শরিফুল ইসলাম, এআই ট্রান্সফরমেশন কোচ মো. মাহমুদুল হাসান, বিজনেস এআই আর্কিটেক্ট সাদিক এম. আলম, এআই ও লিডারশিপ বিশেষজ্ঞ টিনা লিবার, ডিজিটাল ইকোনমি ইনোভেটর ড. আসিফ নাঈমুর রশীদ, সাইবার-ফিজিক্যাল সিস্টেমস গবেষক ড. আব্দুর রাজ্জাক এবং ট্রান্সফরমেশন লিডার ড. আরিফ আজাদ।

পুরো আয়োজনটি অনলাইনে হওয়ায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিবন্ধিত অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধ, ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা, প্রযুক্তিবিষয়ক ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশনে অংশ নিতে পারবেন। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হিউম্যান এআই রেডিনেস স্ক্যান, এআই কোচের নির্দেশনা এবং এন্টারপ্রাইজ রূপান্তরের ৯০ দিনের রোডম্যাপ।

সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক পেশাজীবী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত রাখা হয়েছে। সামিটের অফিশিয়াল ওয়েবসাইট ([https://www.ai4btglobalsummit.com](https://www.ai4btglobalsummit.com)) থেকে নাম নিবন্ধনের সুযোগ রয়েছে। এই বৈশ্বিক আয়োজনে সংবাদ পরিবেশনায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে সমকাল, চ্যানেল টোয়েন্টিফোর, প্রতিদিনের বাংলাদেশ ও সোনালী নিউজ।

এসএইচ