আইসিসির মাসসেরার ক্রিকেটার নাহিদ রানা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের নাহিদ রানা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এপ্রিল মাসের সেরা হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) তার নাম ঘোষণা করেছে।

নাহিদ প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমিতে তিনি নিয়েছিলেন ৮ উইকেট। গত বছরের এপ্রিলে পুরস্কারটি জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।

মিরপুরে প্রথম ওয়ানডেটি নাহিদের ভালো যায়নি। মাত্র এক উইকেট নিতে খরচ করে ফেলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৬৫ রান। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান। দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ফাইফার পান ৩২ রানের বিনিময়ে। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে নেন ২ উইকেট। তাতে বাংলাদেশ সিরিজটি জিতে ২-১ ব্যবধানে। নাহিদ হন সিরিজসেরা খেলোয়াড়।

নিউজিল্যান্ড সিরিজের আগে-পরেও নাহিদ পারফরম্যান্সে উজ্জ্বল। মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিয়েছিলেন সমান ৮ উইকেট। ওই সিরিজেই প্রথমবারের মতো এক ম্যাচে ৫ উইকেটের দেখা পান তিনি। আর কিউইদের বিপক্ষে সিরিজের পরে পাকিস্তানের বিপক্ষে টেস্টেও পেয়েছেন ফাইফারের দেখা।

পিএস