ঢাকা: লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছেড়েছে ইরান ফুটবল দল। ম্যাচ শেষে মার্কিন কর্তৃপক্ষের নিয়ম অনুসারে তাদের তাৎক্ষণিকভাবে দেশ ছাড়তে হয়।
সোমবার (২২ জুন) ইরান ফুটবল ফেডারেশন চিঠির ছবি প্রকাশ করেছে। চিঠিতে লেখা হয়েছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’
[272234]
চিঠিতে আরও বলা হয়, ‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’ সমর্থকদের উদ্দেশে তারা লিখেছে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
ইরান ফুটবল দল ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল
চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ উল্লেখ করা হয়েছে। মিনাব স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় ১৭০ শিশু প্রাণ হারিয়েছিল বলে জানানো হয়েছে।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে গতকাল রোববার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলার পর এই চিঠি রেখে ইরান দল মেক্সিকোর তিজুয়ানায় ফিরে গেছে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের দুর্দান্ত নৈপুণ্যে ইরান বেলজিয়ামকে রুখে দেয়। এই ড্রয়ের ফলে ইরান টানা দুই ম্যাচে পয়েন্ট অর্জন করে নকআউট পর্বে যাওয়ার আশা বজায় রেখেছে।
পরে মিসরের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ শেষে ইরান পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায়। মিসর ৩-১ গোলে জয়লাভ করে শীর্ষে উঠেছে।
এসআই