দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে নকআউটে মেক্সিকো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:২১ এএম

প্রথমার্ধের ডেডলক ভেঙে দ্বিতীয়ার্ধের বিধ্বংসী ফুটবলে চেকিয়াকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মেক্সিকো। এই দাপুটে জয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এ পা রাখল স্বাগতিকরা। মেক্সিকো সিটির ঘরের মাঠে টিকিট কাটার এই রাতে দলটির বড় জয়ের পাশাপাশি আলো কেড়ে নিয়েছেন ১৭ বছর বয়সী এক তরুণ তুর্কি।

ম্যাচটি মেক্সিকান ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরার কারণে। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল একাদশে মাঠে নামার রেকর্ড গড়েন তিনি। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই বেশ কিছু আক্রমণ চালালেও গোলরক্ষকদের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে তরুণ মোরা প্রায় ৭২ মিনিট মাঠে থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণে দারুণ মুনশিয়ানা দেখান।

বিরতির পর চেনা আঙিনায় খোলস ছেড়ে বের হয় মেক্সিকো। ম্যাচের ৫৪তম মিনিটে ডেডলক ভাঙেন মাতেও চাভেজ। লুইস রোমোর বাড়ানো নিখুঁত পাস ধরে বাঁ পায়ের দারুণ শটে স্টেডিয়াম মাতান এই তারকা। পিছিয়ে পড়ে চেকিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও তাদের স্তব্ধ করে দেয় মেক্সিকোর গতিময় কাউন্টার অ্যাটাক। ৬১তম মিনিটে জর্জে সানচেজের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন হুলিয়ান কিনিওনেস।

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, যোগ করা সময়ে চেকিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলভারো ফিদালগো। রবার্তো আলভারাদোর পাস থেকে নেওয়া দুর্দান্ত শটে তিনি দলের ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।

টানা তিন জয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে গেল মেক্সিকো। অন্যদিকে, এই হারের পর বিশ্বকাপের শেষ ১৬-তে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেল চেকিয়ার জন্য।

এম