ফুটবলে সর্বকালের সেরা কে, এই বিতর্ক বহু পুরনো। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর অনেকেই লিওনেল মেসির পক্ষে রায় দিচ্ছেন। তবে এই চিরন্তন বিতর্কের মাঝে সম্পূর্ণ ভিন্ন এক মেরুতে অবস্থান নিলেন ব্রাজিলীয় তারকা ভিনিসিউস জুনিয়র। তার মতে, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো রিয়াল মাদ্রিদ উইঙ্গারের এই বিস্ফোরক মন্তব্যটি প্রকাশ করেছেন। ভিনিসিউস জানিয়েছেন, তিনি ফুটবলে কেবল সাময়িক প্রতিভা খোঁজেন না, বরং খেলোয়াড়ের সামগ্রিক ক্যারিয়ার বিবেচনা করেন। তার চোখে রোনালদো হলেন এমন এক ফুটবলার, যিনি ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালের মতো ভিন্ন ভিন্ন দেশে নিজেকে বারবার প্রমাণ করেছেন।
ভিনিসিউসের ব্যাখ্যায়, ভিন্ন লিগ, আলাদা সতীর্থ আর একের পর এক নতুন প্রজন্মের সঙ্গে খেললেও রোনালদোর সাফল্যের ফল সবসময় একই ছিল। তিনি যেখানেই গেছেন, গোল করেছেন, শিরোপা জিতেছেন এবং নতুন নতুন রেকর্ড গড়েছেন। মূলত এই অবিশ্বাস্য ধারাবাহিকতাই তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে।
পর্তুগিজ মহাতারকার মানসিকতার প্রশংসা করে ভিনিসিউস আরও বলেন, রোনালদো কঠোর পরিশ্রমকে এক অনন্য শিল্পে পরিণত করেছেন। তার ভেতরের শৃঙ্খলা, আত্মত্যাগ এবং বছরের পর বছর ধরে নিজেকে চূড়ায় ধরে রাখার তাড়নাও এক ধরনের বিরল প্রতিভা। আর এই সব কারণেই লিওনেল মেসি কিংবা অন্য কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনালদোই তার কাছে ফুটবল ইতিহাসের সেরা।
এসএইচ