ঢাকা: এশিয়ান গেমস-২০২৫ এ ক্রিকেটে পুরুষ বিভাগে সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে খেলতে হবে প্রথম রাউন্ড।
বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেটের ড্র এবং গ্রুপ ঘোষণা করেছে আয়োজকরা। পুরুষদের প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।
দুই গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠে সরাসরি জায়গা পাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে।
নারী বিভাগে অবশ্য শুরু থেকেই কোয়ার্টার ফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।
আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের আসর। পুরুষদের প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত।
পিএস