ঢাকা: ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১০ জুন। বুধবার (৬ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম যুক্তিতর্ক শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত দিনে উভয়পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি আদালতে উপস্থাপন করেছেন।
শুনানিতে বাদীপক্ষ দাবি করেন, মামলায় আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।
অন্যদিকে নাসিরের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম অভিযোগ অস্বীকার করে তাদের খালাস প্রার্থনা করেন।
এদিন পুরো শুনানিজুড়ে আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন নাসির হোসেন ও তামিমা সুলতানা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে বাদী রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, সেই বৈবাহিক সম্পর্ক চলমান থাকতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন রাকিব।
পিএস