ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের আভাস, রয়েছে সতর্ক সংকেতও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৭:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ওপর দিয়ে রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে শুক্রবার (১৫ মে) দুপুরে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ:  আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
  
ময়মনসিংহ বিভাগ: বিকেল ৬ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ:  দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার উপরে।  

রংপুর বিভাগ: আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল বিকেল ৬ টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে ৪ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ:  দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগন্জ, ও ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে বগুড়া ও সিরাজগন্জ জেলার কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

বরিশাল বিভাগ:  দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

পিএস