রাজধানী ঢাকায় থার্মোমিটারে তাপমাত্রা এখনো অতীতের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেনি, তবে ভ্যাপসা গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়ার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও বাতাসে আর্দ্রতার কারণে বাস্তবে মানুষের শরীরে অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রিরও বেশি তাপ। বাইরে বের হলেই যেন আগুনের হল্কা এসে লাগছে গায়ে। দিন-রাত শরীর ঘামে ভিজে গেলেও মিলছে না কোনো স্বস্তি। একটু ছায়া, বাতাস কিংবা সামান্য ঠান্ডা অনুভূতিও এখন রাজধানীবাসীর জন্য দুর্লভ হয়ে উঠেছে।
এমন দমবন্ধ পরিস্থিতির মধ্যেই বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান এই তীব্র গরম আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। তিনি জানান, এর মধ্যে অল্পস্বল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেগুলো মূলত হালকা ও ক্ষণস্থায়ী হবে। তবে আগামী দুই-এক দিনের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, তখন তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী ৫ জুনের আগে ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার কোনো সম্ভাবনা নেই। ৫ জুনের পর থেকে গরমের তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অফিস। ঢাকাতেও ৫ জুন পর্যন্ত তাপমাত্রা কমবেশি বর্তমান অবস্থার কাছাকাছিই ঘোরাফেরা করবে।
এদিকে বুধবার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পাশাপাশি বুধবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকবে।
এসএইচ