পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং দেশের মূল্যবান কৃষিজমি রক্ষায় সনাতন ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানো এখন সময়ের অপরিহার্য দাবি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি আশ্বাস দিয়েছেন, সরকারি বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে পর্যায়ক্রমে কংক্রিট ব্লকের ব্যবহার সম্প্রসারণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এর ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করবে সরকার।
রবিবার (৫ জুলাই) গাজীপুরে একটি কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন শেষে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভায় টেকসই, নিরাপদ ও আধুনিক অবকাঠামো নির্মাণে এই পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং এই শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিমন্ত্রী এই শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তারা পরিবেশবান্ধব ও আধুনিক নির্মাণব্যবস্থা বাস্তবায়নে কংক্রিট ব্লকের ব্যবহার আরও সম্প্রসারণ, এই শিল্পের বিকাশে কার্যকর নীতিগত সহায়তা প্রদান এবং সরকার, শিল্প-উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জিয়াউল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাঈদুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আতিক শাহরিয়ার রাফিদ এবং মোহাম্মদ ফারুক খান। এ ছাড়া বিভিন্ন শিল্প-উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।
এসএইচ