দুই বিভাগে ভারী বর্ষণের আভাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১২:২৬ পিএম

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

বৃহস্পতিবার ( ২৩ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৭, রাজশাহীতে ৩১ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৫, ময়মনসিংহে ৩১ দশমিক ৬, চট্টগ্রামে ৩১ দশমিক ৪, খুলনায় ৩২ এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে।

এম