উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির পাশাপাশি দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সপ্তাহজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা বিরাজ করছে। এর ফলে রবিবার থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও পর্যায়ক্রমে সপ্তাহজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় সতর্কতার অংশ হিসেবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী পাঁচ দিনজুড়েই এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এসএইচ