দেশের ৩৯ জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বেশ কিছু এলাকায় শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে। শীতের আগামনী বার্তার ঠিক আগমূহূর্তে দেশের ৩৯ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তির খবরও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে গরমের দাপট কমবে। সেই সঙ্গে বৃষ্টি ঝরবে দেশের সব বিভাগে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। 
 
বৃষ্টির বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পিএস