• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দাড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে: জামায়াত আমির


জামালপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:১৭ পিএম
দাড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে: জামায়াত আমির

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দাড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “কোনো কোনো জায়গায় মায়েরা ভোট চাইতে গেলে দূর্বৃত্তরা তাদের অপমান করছে। আমাদের মায়েদের কি এই অধিকার নেই? তাদের কি এই দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তোলে, তারা কোন প্রজাতির? আমি বুঝতে পারছি না। এরা কি মানুষ প্রজাতির নাকি অন্য প্রজাতির? এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই, সবার কর্মসূচী, পরিকল্পনা ও বক্তব্য জনগণের কাছে পৌঁছাক। মায়েদের অপমান আমরা সহ্য করবো না। যদি কোনো দূর্বৃত্ত কটু কথা বলে, চোখে চোখ রেখে বলুন-আমি মা, আমি তোমাদের পরোয়া করি না, আমি আল্লাহকে ভয় করি।”

তিনি আরও বলেন, “কিছু দল ভোটের বিষয়ে প্রকাশ্যে কথা বলছে না। আমরা তাদের কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই-যেভাবে আমরা ১৮ কোটি মানুষের সামনে সব জায়গায় বলছি, তেমনভাবে তারা স্পষ্ট হোক। লুকিয়ে লুকিয়ে কেনো বলছেন? প্রকাশ্যে বলুন।”

ডা. শফিকুর রহমান এবারের নির্বাচনকে বিশেষভাবে ‘বাক পরিবর্তনের নির্বাচন’ হিসেবে বর্ণনা করে বলেন, “এবারের নির্বাচন ২৬-এর নির্বাচন। এটি ১৪০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন, আন্দোলনে পঙ্গুত্ব ভোগ করা ৩৪ হাজার আহতের নির্বাচন। এটি শহীদ পরিবারের হাহাকার নিয়ে নির্বাচন।”

তিনি বলেন, “আমাদের দলের ৬২ ভাগ যুবক। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। বরং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।”

জনসভায় জামালপুর জেলার ৫টি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক প্রদান করা হয়। সভা পরিচালনা করেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল। সদর-৫ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!