• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে ১০ কিমিজুড়ে তীব্র যানজট


জেলা প্রতিনিধি এপ্রিল ৩, ২০২৬, ১১:১৮ এএম
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে ১০ কিমিজুড়ে তীব্র যানজট

রাজধানী ঘিরে গুরুত্বপূর্ণ তিন মহাসড়কে তীব্র যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে-এর বিভিন্ন অংশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এই ভোগান্তির মূল কারণ হিসেবে জানা গেছে সড়ক দুর্ঘটনা ও একটি যানবাহন বিকল হয়ে পড়া। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়লে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং রূপসী থেকে কাঁচপুর সেতু এলাকা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে এশিয়ান হাইওয়েতেও, যেখানে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধীরগতিতে চলা যানবাহন ধীরে ধীরে দীর্ঘ যানজটে পরিণত হয়। এতে শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে, ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

ঈদের ছুটি শেষে শিল্পকারখানা খোলা থাকায় কর্মস্থলগামী মানুষের চাপও বেড়েছে। দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি জ্বালানি ব্যয়ও বেড়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মো. জুলহাজ উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

এম

Wordbridge School
Link copied!