ফাইল ছবি
গাজীপুরে ছাত্রদল নেতার হাতে নারীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মিছিল থেকে নির্বাচনকে ঘিরে বিএনপির অব্যাহত নারী নিপীড়নেরও প্রতিবাদ জানানো হবে।
সংগঠনটির পক্ষ থেকে রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা আশিকের বিরুদ্ধে। নিহতের নাম রানী (৪৫)। তিনি স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’-র স্বত্বাধিকারী ছিলেন। ঘটনার দিন, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে হামলা সংঘটিত হয়। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে হৃদয় (২২) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রানী নিজের পোশাক ব্যবসার পাশাপাশি এলাকায় অর্থ লেনদেন (সুদ) করতেন। আশিক ও তার পরিবারের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। ক্ষুব্ধ হয়ে আশিক ধারালো অস্ত্র দিয়ে রানীর ওপর আক্রমণ চালান। হৃদয় এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন নিশ্চিত করেছেন, আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয়।
এসএইচ







































