• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত


সাভার (ঢাকা) প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৫৭ পিএম
আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

ছবি : প্রতিনিধি

সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র পাল্টাপাল্টি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের কয়েক জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রোববার (১ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বুলেট ও কিবরিয়া দুইজনই আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর মিয়ার কর্মী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনী মহল্লায় ধানের শীষের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বুলেট ও কিবরিয়ার মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা ছেড়ে যুবদল নেতা জহির দাবি করেন, ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ অতর্কিতভাবে যুবদল নেতা আলম পারভেজ শান্ত বুলেটের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেপিজে স্পেশালাইজড ঢাকা হসপিটালে আইসিউতে ভর্তি করানো হয়। 

এ ব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। ভাদাইল এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণায় রয়েছি।

আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আজগর হোসেন বলেন, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি।

পিএস

Wordbridge School
Link copied!