ফাইল ছবি
বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সভাটি রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাইশারী ইউনিয়নে অবস্থিত সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সাইদুল ইসলাম, মানবকণ্ঠ পত্রিকার জাকির হোসেন, রূপালী দেশ পত্রিকার জাহিন খালাসী, বাংলাদেশ বাণী পত্রিকার মাইদুল ইসলাম সফিক, ভোরের আলো পত্রিকার সাব্বির হোসেন, সাগরকূল পত্রিকার হুমায়ুন কবির, সাপ্তাহিক ক্রাইম এক্সপ্রেস পত্রিকার সাইফুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান পলাশ, মাসুদ হাওলাদার ও আব্দুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সভায় সাংবাদিকরা জানান, বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একসময় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য ছিল। যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত, তবু এখনও কিছু চিহ্নিত সন্ত্রাসী এবং তথাকথিত ‘ডেবিল’ সক্রিয় রয়েছে। অবৈধ অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। তারা বলেন, সাধারণ মানুষকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হলে মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
সাংবাদিকরা আরও উল্লেখ করেন, অতীতের সহিংসতার কারণে ভোটকেন্দ্রে যেতে নারী ভোটাররা অনেক সময় নিরুৎসাহিত হন। অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে জনস্রোত দেখা যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মুহাইমিন বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি, গুজব ও বিভ্রান্তি রোধ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এলাকার অপরাধ দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল চলমান রয়েছে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাধারণ মানুষকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী সবরকম উদ্যোগ গ্রহণ করবে।
এসএইচ







































