প্রতীকী ছবি
বরগুনার তালতলী উপজেলায় মাদকসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীকে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে তালতলী উপজেলা শহরের মালিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ইসহাক আকন সবুজ (৪০), তিনি উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী এলাকার মোঃ শাহআলী আকনের ছেলে এবং তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক; এবং মোঃ আবুল কালাম (৩৯), তিনি মালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং নিশানবাড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল মালিপাড়ায় ওই পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদককারবারে জড়িত থাকার অভিযোগে ইসহাক আকন ও আবুল কালামকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, সিম কার্ড, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামিদের নৌবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আজ সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ







































