পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ঘোষিত ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে ছুটির তারিখ পরিবর্তনের প্রভাব পড়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখেও।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এম







































