ছবি: প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার রাতের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা এন্তাজ মিয়ার বাড়ির ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ওমর ফারুক বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী মাইন উদ্দিন বলেন, বুধবার গভীর রাতে কবিরাজ বাড়ি এলাকায় সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা করা হয়। সন্দেহজনকভাবে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওমর ফারুককে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর তিন সহযোগী পালিয়ে যান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল বলেন, ওমর ফারুক যুবদলের কোনো নেতা বা কর্মী নন। তাঁকে তাঁরা চেনেন না। কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তার দায় দল নেবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম বলেন, ডাকাতির চেষ্টার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এসএইচ







































