• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোংলা বন্দরে তেলবাহী বোটের ধাক্কায় কয়লাভর্তি জাহাজডুবি


খুলনা প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৬, ০৬:০২ পিএম
মোংলা বন্দরে তেলবাহী বোটের ধাক্কায় কয়লাভর্তি জাহাজডুবি

ছবি : প্রতিনিধি

খুলনা: মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গত ২৬ অক্টোবর রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ১০ জন নাবিকই সাঁতরে নদীর চরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি মূল চ্যানেলের বাইরে ঘটায় মোংলা বন্দরের স্বাভাবিক নৌ চলাচল ও জাহাজ ১৯৫০-এর মতো সচল রয়েছে।

জাহাজের মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াসা জুপিটার’ (YASA JUPITER) থেকে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার কালীনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল ‘এমভি ফুলবাড়ী’। পথে পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এর ফলে লাইটার জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে মূল চ্যানেলের বাইরে গিয়ে ডুবে যায়।

মাস্টার সুজন আরও জানান, জাহাজটি ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাঁরা সাঁতরে নদীর চরে সুন্দরবন সংলগ্ন এলাকায় আশ্রয় নেন। পরবর্তীতে রাতে অপর একটি জাহাজ ‘এমভি রানিয়া-১৩’ এর সহায়তায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, ‘দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় বন্দরের চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। বন্দরে দেশি-বিদেশি জাহাজের আগমন ও বহির্গমন পুরোপুরি স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য ইতোমধ্যে এর মালিকপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএস

Link copied!