• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ২,৪০৫ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন


ঠাকুরগাঁও প্রতিনিধি  অক্টোবর ২৭, ২০২৬, ০৫:২৬ পিএম
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ২,৪০৫ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: শূন্য ঘোষিত জাতীয় সংসদীয় আসন ৩ (ঠাকুরগাঁও-১)-এর উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৪০৫ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী ব্রিফিংয়ে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে দায়িত্বপালনকারী সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

তিনি নির্বাচনী দায়িত্বে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং আন্তবাহিনী সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ৬৬৫ জন পুরুষ ও ৭৪০ জন নারী সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ সদস্য এবং লাঠিসহ পুরুষ ও নারী সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩৭০ জন এন্ড ইউজার (End User) এবং তিনটি উপজেলায় ছয়টি স্ট্রাইকিং টিমে আনসার ব্যাটালিয়নের ৬০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী দায়িত্বে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাহিনীর STDMS সফটওয়্যারের মাধ্যমে সদস্য মোতায়েনের পাশাপাশি প্রথমবারের মতো সদস্যদের ভোট কেন্দ্র ভিত্তিক ফেসিয়াল এটেনডেনস সিস্টেম চালু করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের যথাযথ পরিচয় ও উপস্থিতি যাচাই করা সম্ভব হবে। এ উদ্যোগ নির্বাচনী কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, সঠিক জনবল ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনে জবাবদিহি জোরদারের ক্ষেত্রে বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

মহাপরিচালক সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব, অনিয়ম বা শৈথিল্য গ্রহণযোগ্য নয়। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থাপনায় অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উপনির্বাচনেও সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্রে যেকোনো অনিয়ম, প্রভাব বিস্তার, হুমকি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে রিপোর্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শুরু থেকে ব্যালট বাক্স যথাযথভাবে জমা দেওয়া পর্যন্ত প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্বস্থলে অবস্থান করতে হবে। কোনো অবস্থাতেই ডিউটি পোস্ট বা ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। মোতায়েন সদস্যদের খাবার ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি। কোনো সদস্য অনিয়ম, পক্ষপাতিত্ব, আর্থিক দুর্নীতি বা দায়িত্বে অবহেলায় জড়িত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

নির্বাচনী নিরাপত্তা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি বাহিনীর সদর দপ্তরের অপারেশন শাখার কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। মহাপরিচালক আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন।

তিনি আরো বলেন বাহিনীর সদস্যদের কল্যাণ ও টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সদস্যদের কার্যক্রম শুধু নির্বাচন ও শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; তাদের আর্থসামাজিক উন্নয়ন ও স্থায়ী জীবিকার সুযোগ সৃষ্টিতেও বাহিনী কাজ করছে। এ লক্ষ্যে সঞ্জীবন প্রকল্প এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, দলভিত্তিক ঋণ প্রদান ও জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারের জীবনমান উন্নয়নে সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মহাপরিচালক প্রত্যাশা ব্যক্ত করেন, আনসার-ভিডিপির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে নির্বাচনী নিরাপত্তা বজায় রাখা, জনআস্থা অক্ষুণ্ন রাখা এবং বাহিনীর মর্যাদা সমুন্নত রাখার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুরে রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, রংপুর রেঞ্জ কমান্ড্যান্ট পরিচালক সফিকুল আলম, রংপুর রেঞ্জ মাহিগঞ্জ উপ-পরিচালক নুরুজ্জামান, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মেহেনাজ তাবাসসুম রেবিন, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভুঁইয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মৌসুমি আক্তারসহ অন্যান্যরা।

পিএস

Link copied!