• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে পুকুরের নিচে মিলল পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫২ পিএম
ফরিদপুরে পুকুরের নিচে মিলল পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরের কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ধরন দেখে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এগুলো কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের কাজে ব্যবহারের জন্য গোপনে মজুত রাখা হয়েছিল।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ নেতৃত্বে এই অভিযানে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরের পানি সেচে ফেলে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযান এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল। মাটির নিচে এবং পানির তলদেশে বিশেষভাবে লুকানো ছিল এসব।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এখনও কাউকে আটক করা না হলেও, কারা, কী উদ্দেশ্যে এবং কতদিন ধরে এগুলো রাখা হয়েছিল তা তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অস্ত্র মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, সাম্প্রতিক এই অভিযান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!