• ঢাকা
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় সাবেক এমপির ওপর দুর্বৃত্তদের হামলা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:০২ পিএম
পাথরঘাটায় সাবেক এমপির ওপর দুর্বৃত্তদের হামলা

ছবি : প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা): বরগুনা-২ আসনে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর  হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসার সামনে বেরে হলেই ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ও জখম হয়। ঠিক সেই মুহুর্তে ঘটনাস্থল দিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। ঘটনার খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার গোলাম সরোয়ার হিরু বলেন, আমি বাজারে যাওয়ার জন্য বের হতেই কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ফেব্রুয়ারি ও জুন মাসে নির্বাচনে ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। ২০১৩ সালের উপ-নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। বর্ণাঢ্য তবে দল পরিবর্তনের কারণে প্রায়শই তিনি রাজনৈতিক আলোচনায় থাকেন।

পিএস

Wordbridge School
Link copied!