• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে টাকা বিতরণের সময় বিএনপি নেতা গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৩৬ পিএম
পিরোজপুরে টাকা বিতরণের সময় বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে গভীর রাতে টাকা বিতরণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী বাজারসংলগ্ন মীরাবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে স্থানীয়রা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। পরে সেনাসদস্যরা তাঁকে ইন্দুরকানী থানায় পাঠান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

জানা গেছে, বিএনপি নেতা ও ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে মীরাবাড়ি এলাকায় টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বাধা দিলে তাঁদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হারুন ও তাঁর সঙ্গীরা স্থানীয়দের মারধর ও প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি ইন্দুরকানী সেনা ক্যাম্পে জানানো হলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান। হারুনকে আটক করে তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন ইন্দুরকানী গ্রামের ইউছুফ মৃধার ছেলে ইসমাইল মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মৃধার ছেলে আরিফ ও বাদল মীরের ছেলে মারুফ মীরসহ আরও কয়েকজন।

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান সাংবাদিকদের বলেন, ঘটনাটি শুধু ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগে সীমাবদ্ধ নয়; মারধর ও হুমকির অভিযোগও রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!