• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুখোশধারীদের গুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম
মুখোশধারীদের গুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার রিশাদ এবং শৈলপাড়া এলাকার রবিউল।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়; তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঠিক সে সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।

অন্যদিকে স্থানীয় সূত্র জানায়, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং আহতদের স্বজনদের বক্তব্যও পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে; তবে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসএইচ 

Link copied!