ছবি : প্রতিনিধি
নেত্রকোনা: পৌরসভার টোল আদায়কারীর হাতে নেত্রকোনার মদনে আব্দুল বারেক (৭০) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চকপাড়া মড়ল বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও (চকপাড়া) গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২৪-এর জুলাই আন্দোলনে ‘খ’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা ছিলেন।
অভিযুক্ত টোল আদায়কারী উপজেলার বাড়িভাদেরা গ্রামের আব্দুল রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মদনে আগত সিএনজি চালক রায়হান ও টোল আদায়কারী আতিকুলের মধ্যে টোলের টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হলে সিএনজি যাত্রী আব্দুল বারেক তাদের ফেরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও সিএনজি চালক রায়হান বলেন, টোলের টাকা দেওয়ার সময় আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তিনি ফেরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। পরে আমি হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পিএস







































