ছবি প্রতিনিধি
পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এর বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানালেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে জেলা জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি আলমগীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফুলের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজয় লাভের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে তিনি পিরোজপুরের সকল মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা।”
গতকাল শুক্রবার চন্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়।
এরপর তিনি বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, “আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।”
এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেন। এসময় বিএনপির বেশকিছু নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এ নির্বাচনী ফলাফল প্রকাশ করে মাসুদ সাঈদীকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এতে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট পেয়ে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এন/এসআই





































