ছবি : প্রতিনিধি
কুমিল্লা: সরকারি বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
আমিন-উর-রশীদ ইয়াসিন বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নেই না। যত দিন মন্ত্রী থাকব, তত দিন সরকারি গাড়ি ব্যবহার করব না। এ ছাড়া আমি সরকারি বেতন-ভাতা নেব না।
কৃষিমন্ত্রী বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমি স্থাপন করেছি। আপনাদের উৎসাহে আজ কুমিল্লায় এক ধরনের শিল্প বিপ্লব হয়েছে। অনেক কারখানা গড়ে উঠেছে।এ অগ্রগতি অব্যাহত থাকবে।
তিনি বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে আখতার হামিদ খান উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনো দেশ-বিদেশে সমাদৃত। আমিও একজন কৃষক।
আমি জানি কিভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
পিএস







































