ছবি: প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর অবৈধ বালুমহাল নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীদের দ্বন্দ্বের জেরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার নিমগাছি–নাংলু গ্রামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা দীর্ঘদিন ধরে নিমগাছি–নাংলু এলাকার বাঙালি নদীর চরে বালু কেটে বিক্রি করে আসছিলেন। কিন্তু বালুমহালের নিয়ন্ত্রণ ও বালু ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে কয়েক মাস ধরে দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়।
এ অবস্থায় সোমবার রাত ১০টার দিকে ইব্রাহীম হোসেন ও তাঁর লোকজন খননযন্ত্র দিয়ে চর থেকে বালু তুলে ট্রাকে ভরছিলেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগের কর্মী মজনু আলম, শামীম হোসেন ও জাহিদুল ইসলাম তাঁদের সমর্থকদের নিয়ে সেখানে হামলা চালান।
হামলাকারীরা বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত একটি খননযন্ত্র এবং দুটি ট্রাক ভাঙচুর করেন। এ সময় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বালুমহালের অফিস কক্ষও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































