• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দায়িত্ব পেয়েই বড় পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:৪৭ পিএম
দায়িত্ব পেয়েই বড় পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার এনে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।”

তিনি জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড’-এ রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। “আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি। শিক্ষা আর লোকাল কমোডিটি নয়, এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে,” বলেন তিনি।

এহসানুল হক মিলন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে গুরুত্ব বাড়ানো হবে। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ) জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট) খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে।

মন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে তিনি বিজয়ী হয়েছেন এবং সবার জন্য কাজ করবেন। শিক্ষা খাতের পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত উপজেলা গড়ে তোলার স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।

আ ন ম এহসানুল হক মিলন এর আগে ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শের-ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ব্রুকলিন কলেজ ও বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করেন। ২০১৮ সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এম

Wordbridge School
Link copied!