• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আদালতে হট্টগোল


বরিশাল অফিস ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৩ এএম
আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আদালতে হট্টগোল

বরিশালে বিচারকার্য চলাকালে আদালতে ঢুকে হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ এবং সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃবৃন্দের জামিন মঞ্জুর করার প্রতিবাদে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বর্জন করে জেলা আইনজীবী সমিতির অধিকাংশ সদস্য। তাঁরা আদালত বর্জন করে বিক্ষোভ করেন। এ কারণে দুর্ভোগের শিকার হন সাধারণ বিচার প্রার্থীরা।

দিনভর আদালত বর্জনের পর দিনের দ্বিতীয়ভাগে অর্থাৎ বিকেলে বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। ঠিক সেই মুহূর্তে আদালতে হট্টগোল হয়।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ এবং সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, বিজ্ঞ আইনজীবীরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাস্থলে কোর্ট পুলিশ ছিল- তারা বলতে পারবেন ভেতরে কিছু ঘটেছে কিনা। তাছাড়া পুলিশের বিশেষজ্ঞ টিম এসে আলামত সংগ্রহ করেছে।

নারী ও শিশু নির্যাতন আদালতের এপিপি সাঈদ চৌধুরী সাংবাদিকদের জানান, আদালতে কোন ভাঙচুর হয়নি। একটু হট্টগোল, চিৎকার-চেচামেচি হয়েছে। 

এর আগে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেয়া হচ্ছে।

তিনি জানান, গতকাল (২৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পেয়ে চলে গেলেন। 

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন বলেন, রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধীতা সত্বেও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলায় জামিন অযোগ্য ধারা সত্বেও জামিন দেওয়া হয়েছে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত বর্জন করেছি।

এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। বিচার কার্যক্রম বন্ধ থাকায় আদালত চত্বরে অবস্থান নিয়ে অলস সময় পার করেন তারা। চলমান সংকট নিরসনে সরকারের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছের ভুক্তভোগীরা। 

এম

Wordbridge School
Link copied!